Image description
 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বালাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেদিন বিকেল সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চ্যানেল-24 কে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সময়ে তিনিই প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

 

২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সেই সময়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি ছিলেন। ওই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে শেখ হাসিনার অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।