Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হ্যাকড হওয়া এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ করেন নেতাকর্মীরা। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে তাদেরকে ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সেক্রেটারি নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। এসময় তারা তাদের বক্তব্যে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টে নারীদের নিয়ে অবমাননামূলক বক্তব্যের প্রতিবাদ জানান।

এর আগে, গতকাল মধ্যরাতে কর্মসূচির ঘোষণা দিয়ে ছাত্রদলের এক বিবৃতিতে বলা হয়েছিল, জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের এক্স (পূর্বতন- টুইটার) একাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরের কাজকে 'আধুনিক পতিতাবৃত্তি'র সঙ্গে তুলনা করে যে চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করা হয়েছে। তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রবিবার বেলা ১১:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।

প্রসঙ্গত, শনিবার রাতে নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে তা উদ্ধার করা হয়। জামায়াত আমির এক এক্স পোস্টে জানান, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে সেসব তথ্য প্রকাশিত হয়েছে তা পুরোপুরি ভুয়া ও মনগড়া।

পোস্টে তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে’।