Image description
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘এক দেড় বছরের মধ্যে রাজপথে আওয়ামী লীগ কোনো সক্রিয় অবস্থান দেখাতে পারেনি। ছাত্রজনতা যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল তারাই আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমকে পরাস্ত করেছে। যারা সন্ত্রাসী কার্যক্রম করতে চায় তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিয়েছে।’

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচি প্রতিহত করতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা না করলেও সেদিন রাজধানীতে সক্রিয় থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।

ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) সংগঠনের একটি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে, ছাত্রশিবির জানায়- সেদিন তাদের কর্মসূচি থাকবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এক দেড় বছরের মধ্যে রাজপথে আওয়ামী লীগ কোনো সক্রিয় অবস্থান দেখাতে পারেনি। ছাত্রজনতা যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল তারাই আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমকে পরাস্ত করেছে, যারা সন্ত্রাসী কার্যক্রম করতে চায় তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিয়েছে।'

 

তিনি আরও বলেন, 'যতবারই আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো রাজপথে শক্তি দিয়ে তাদের পরাস্ত করেছে। যদি আগামীতেও চেষ্টা করে তাহলে একইভাবে করবে। কিন্তু একইসাথে এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখা উচিত বলে মনে করি।'

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, 'এদেরকে প্রতিহত করার জন্য শুধু ছাত্রদল নয় বরং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি মাঠে থাকবে। ১৩ তারিখের যে আওয়াজ দিচ্ছে এগুলার কোনো বাস্তবায়ন বাংলাদেশে হবে না।'

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, 'এখনো আনুষ্ঠানিক ভাবে আমরা সিদ্ধান্ত নেইনি। তবে আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আমরা মাঠে থাকব, সেদিন কর্মসূচী রাখার চিন্তা রয়েছে আমাদের। তবে আমরা মাঠপর্যায়ের প্রশাসনকে বলার চেষ্টা করেছি, এগুলা তো মূলত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।'