শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাংকের (কাপড় রাখার স্টিলের বাক্স) ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে এই মরদেহ উদ্ধার করা হয়। তবে বেলা তিনটা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কারা একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। ট্রাংকটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং অনেক মানুষ ঘটনাস্থলে জমায়েত হয়। ট্রাংকের ভেতর থেকে দুর্গন্ধও বের হতে থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ট্রাংকের তালা ভেঙে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় রাখা ছিল।
স্থানীয়রা ধারণা করছেন, কয়েকদিন আগেই ওই নারীকে হত্যা করে লাশটি ট্রাংকে ভরে রাখা হয়েছিল। স্থানীয় এক নারী জানান, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি নামিয়ে রেখে যায়। তাদের জিজ্ঞেস করলে তারা জানিয়েছিল, পরে এসে ট্রাংকটি নিয়ে যাবে।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’