আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রান্তিক পর্যায়ের মানুষ উন্নত জীবন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের তথ্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
আজ বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন চলা অবস্থায় তার প্রশ্নোত্তরের জন্য বরাদ্দ করা ৩০ মিনিট শুরু হয়েছে। তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে তার বক্তব্য তুলে ধরেন।
ইশতেহারে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভিাগ আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এরই ভেতর বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলায় ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে।