চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আওয়াজ তুললেও ডিসেম্বরে তার ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ শনিবার রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, ‘ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না, কোনো সম্ভাবনাই নেই।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওনাদের এই পার্টি (আওয়ামী লীগ) বাংলাদেশে কী করে গেছে, কী পরিমাণ বিপর্যয় চালিয়ে গেছে, এই ধরনের প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত সেই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চাই। বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে।’
জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ৫৯০ শহীদের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক নিয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ উদ্বোধন করা হয় এদিন। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জাহেদ উর রহমান।
শহীদ পরিবারের কষ্টের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক শহীদ পরিবারের কষ্ট এবং হাহাকার একই রকম। যে পরিবারে সন্তান মারা গেছে, সে তার একমাত্র সন্তান হোক বা অন্য সন্তানদের মধ্যকার একজন হোক, এই কষ্টের কোনো সীমা নেই। রাষ্ট্র প্রত্যেকটা শহীদকে সমানভাবে দেখতে চায়।’
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। প্রতিবেদনে বলা হয়, দেশে ফিরতে তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠানোর প্রত্যাশা করছেন। এর আগে দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়েছেন বলেও জানায় রয়টার্স।
তবে বাংলাদেশ সরকার বলছে, দণ্ডিত আসামি হিসেবে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। তাকে ফেরত চেয়ে ভারতকে একাধিকবার চিঠিও দিয়েছে বাংলাদেশ।
শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান নিয়ে আলোচনার মধ্যে গত বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধকে আলাদা বিষয় হিসেবে বিবেচনা করছে দেশটি।
জয়সওয়ালের ভাষ্য, কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ পৃথক বিষয়।