চীন ও তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে, যা ভারতের নিরাপত্তার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সীমান্ত নজরদারি বাড়াতে ভারত ইতিমধ্যে ৫২টি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের প্রকল্প শুরু করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল সুব্রামানি এসব কথা বলেন।
‘ভবিষ্যতের যুদ্ধ ও বহুমাত্রিক অভিযানে ভারতের প্রস্তুতি’ শীর্ষক ওই সেশনে তিনি পাকিস্তানের মহাকাশ অগ্রগতি তুলে ধরেন। তার মতে, চীনের সহায়তায় ইসলামাবাদের মহাকাশ কর্মসূচি দ্রুত এগোচ্ছে। তাদের মহাকাশ সংস্থা সুপারকো নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করছে। একই সঙ্গে তুরস্কের সহায়তা পাওয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে ‘অপারেশন সিন্দুরের’ পর চীন, পাকিস্তান ও তুরস্কের সামরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা মূল্যায়নে গুরুত্ব পাচ্ছে।
সিডিএস শঙ্কা জানিয়ে বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারিতে চীনের উন্নত প্রযুক্তি পাকিস্তানের হাতে যেতে পারে। এ ছাড়া পজিশনিং, নেভিগেশন ও টাইমিং প্রযুক্তির সুবিধাও তাদের দিতে পারে চীন। এতে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতা অনেক বাড়বে। কৌশলগত পরিকল্পনায় ভারতকে অবশ্যই বিষয়টি বিবেচনায় নিতে হবে।
চীনের মহাকাশ সক্ষমতা প্রসঙ্গে জেনারেল সুব্রামানি বলেন, বেইজিংয়ের কাছে স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম রয়েছে। এসব দিয়ে যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থায় বিঘ্ন ঘটানো সম্ভব। তবে চীনের সঙ্গে পাল্লা দিয়ে সবকিছু গড়া ভারতের লক্ষ্য নয়। সীমান্ত নজরে রাখতে এবং রিভিজিট টাইম কমাতে যতটুকু প্রয়োজন, ভারত ততটুকুই করবে। নিজস্ব সক্ষমতা বাড়ানো হচ্ছে।
এই প্রেক্ষাপটে ভারত ‘স্পেস-বেজড সার্ভিল্যান্স-৩’ বা এসবিএস-৩ প্রকল্প শুরু করেছে। ২০২৪ সালের অক্টোবরে অনুমোদিত ২৬ হাজার ৯৬৮ কোটি রুপির এই প্রকল্পের আওতায় ২০২৯ সালের মধ্যে ৫২টি সামরিক স্যাটেলাইট পাঠানো হবে। এর মধ্যে ২১টি স্যাটেলাইট তৈরি করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বাকি ৩১টি তৈরি করবে বেসরকারি প্রতিষ্ঠান।
এছাড়া উত্তরাঞ্চলীয় সীমান্তে যেকোনো অপ্রথাগত (অ্যাসিমেট্রিক) যুদ্ধ মোকাবিলায় ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান জেনারেল সুব্রামানি।