দুই বিপরীত মেরুর আক্রমণের শিকার সামান্তা: এক পক্ষের চোখে ‘ইসলামবিদ্বেষী’, অন্য পক্ষের কাছে তার হিজাব ‘পট্টি’

বেঙ্গল লেন্স
Image description

এনসিপি থেকে পদত্যাগের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে শুরু হয় নানা ধরনের আক্রমণ ও ব্যক্তিগত কটাক্ষ। প্রথম দফায় জামায়াতপন্থী অ্যাক্টিভিস্টদের আক্রমণের শিকার হন তিনি। গত ২৪ নভেম্বর জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (JDP) সঙ্গে একটি বৈঠকের পর থেকে নতুন করে আলোচনায় আসেন তিনি। এবার তার হিজাব হয়ে ওঠে আক্রমণের লক্ষ্যবস্তু।

গত ৫ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। পদত্যাগের কারণ হিসেবে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর জোটের বিরোধিতার বিষয়টি সামনে আনেন তিনি। ফেসবুক পোস্টে সামান্তা লেখেন, 'জামায়াত নীতিগত বা কৌশলগত কোনও ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সাথে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।' 

পদত্যাগের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে শুরু হয় নানা ধরনের আক্রমণ ও ব্যক্তিগত কটাক্ষ। প্রথম দফায় জামায়াতপন্থী অ্যাক্টিভিস্টদের আক্রমণের শিকার হন তিনি। তাকে উদ্দেশ্য করে তখন বলতে দেখা যায়, “রূপ বদলালেও কাক কোনদিন ময়ূর হয়না। A Shahbaghi will always be a Shahbaghi! শাহবাগী সামান্তা শারমিন একজন বড় মাপের ভন্ড।” বেঙ্গল লেন্সের এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।

গত ২৪ নভেম্বর জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (JDP) সঙ্গে একটি বৈঠক করেন সামান্তা। ওই বৈঠকের পর থেকে নতুন করে আলোচনায় আসেন তিনি। এবার তার হিজাব হয়ে ওঠে আক্রমণের লক্ষ্যবস্তু। 

জেডিপির সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করে তরুণ কবি ও লেখক সাদ রহমান ২৫ নভেম্বর দেওয়া এক পোস্টে লিখেছেন, “বাজে সিদ্ধান্ত, সামান্তা শারমিন। এই জামাত, এক্স জামাত, আর ইসলামের দৃষ্টিতে বাংলাদেশকে দেখা ও ইসলামি রাষ্ট্র পরিচালনার ধারণা থেকে উনি আর বাইর হইতে পারলেন না। এত ভঙ্গি না কইরা উনি ইসলামি ছাত্রী সংস্থার পোষাকে আবৃত হইলেই পারে।”

হিজাবকে পট্রি বলে আক্রমণ করেন সাদ

জেডিপির সাথে সাক্ষাতের সমালোচনা করেই ক্ষান্ত হননি সাদ। আক্রমণ শানান তার হিজাব পরাকে নিয়েও। 

২৫ নভেম্বর দেওয়া আরেক পোস্টে সামান্তা শারমিনকে উদ্দেশ্য করে লিখেছেন, “আমার ইসলামোফোবিয়া বা হিজাবফোবিয়া নাই। কিন্তু দেখেন, উনি মাথায় যে জিনিসটা বাঁধছেন, এটা উনি আসলে কেন বাঁধছেন? এইটা কি কমপ্লিটলি একটা মিথ্যা জিনিস না? বাংলাদেশে রাজনীতি করার জন্য মাথায় পট্টি বাঁধা এই জিনিসটাকে কি উনি রাজনৈতিক ওয়েপন হিসাবে ব্যবহার করতেছেন না? নিশ্চিতভাবেই করতেছেন।”

হিজাব পরে রাজনীতি করাকেও বাটপারি আখ্যা দিয়ে সাদ আরও লিখেন, “এই একই কাজ আরও অনেকেই করছেন। এগুলিকে বাটপারি বলতে পারি, পপুলিস্ট রাজনীতিও বলতে পারি। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে, যেই লোক রাজনীতিটা একই সঙ্গে আদর্শ হিসাবে এবং কমপ্লিটলি মিথ্যার ভিতর দিয়ে হাজির করে, তিনি তো ভয়ঙ্কর।”

হিজাবফোবিয়া দেখছেন অনেকে

সাদ রহমানের পোস্ট শেয়ার করে Tareq Mahmud নামে একজন লিখেছেন, “উনার পোস্ট পড়ে কি মনে হচ্ছে যে, উনার হিজাবফোবিয়া নাই? পুরো লেখাটা হিজাব নিয়ে কটাক্ষ হলেও উনার হিজাবফোবিয়া নাই। আপনি রাজনীতি করতে চাইলে হিজাব পরতে পারবেন না টাইপের কথা বললেও উনার হিজাবফোবিয়া নাই৷ সামান্তা জুলাইয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না হয়েও পোস্ট জুলাইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কেন সে গুরুত্বপূর্ণ হলো সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু এনসিপিতে জয়েন করার আগ থেকেই হিজাব পরে। এটা তার ধর্মচর্চা বা ব্যক্তিগত চয়েজ। কিন্তু ইসলামের সিম্বল কেন ধারণ করেছে! তাে তো রাজনীতি করা উচিত না।”

সাদ রহমানের পোস্ট শেয়ার করে Mohiuddin Arif নামে একজন লিখেছেন, “লেখাজুড়ে হিজাবফোবিয়া ছড়িয়ে বলতেসে তার হিজাবফোবিয়া নাই!”

সাদ রহমানের পোস্ট শেয়ার করে Adnan Shakil নামে একজন লিখেছেন, “স্ব ঘোষিত বুদ্ধিজীবি প্রানীরা হঠাৎ কেন সামান্তার হিজাব নিকাবের পিছনে পড়লো?”

সাদ রহমানের পোস্ট শেয়ার করে Tahmid Islam নামে একজন লিখেছেন, “বাটপারটা হিজাবোফোবিয়া নাই বইলা পুরা পোস্ট করছে যেটা লিট্রেলি হিজাববিদ্বেষ এর মেনিফেস্টেশন।”

‘আমার হিজাব পরাকে গুরুতর অন্যায় মনে করেন প্রগতিশীলরা’

হিজাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো প্রসঙ্গে জানতে চাইলে সামান্তা বেঙ্গল লেন্সকে বলেন, “আমি চারুকলায় পড়ার পরে হিজাব পরছি। ওই মেশিনারিজের ভিতর থেকে মাস্টার্স করে বের হওয়ার পর, পুরো বামপন্থী রাজনীতি করার পরেও আমি মাথায় হিজাব দিয়েছি—এটা তো আমার একটা গুরুতর অন্যায় হিসেবে দেখে প্রগতিশীলরা। যদিও সবাই না। আমি এদেরকে নাম দিয়েছি ‘রক্ষণশীল প্রগতিশীল’। এরা আসলে এক্সট্রিম টাইপ বা এক্সট্রিম ডানপন্থী যারা, তাদের মতোই এদের ক্যারেক্টার। আমি দেখলাম আমার ক্ষেত্রে এর এক অভূতপূর্ব সম্মেলন ঘটে। অতি বাম এবং অতি ডান... এরা পুরোপুরি একমত আমার ব্যাপারে। 

একটু মনিটর করলে দেখবেন যে এদের বক্তব্যে কোনো পার্থক্য পাবেন না, দুইটা একই। আপনি এদেরকে ডিটেক্টও করতে পারবেন না—এরা কি আসলে শিবির, নাকি রক্ষণশীল, নাকি খেলাফতী, নাকি বামপন্থী, আপনি পার্থক্য করতে পারবেন না অনেক ক্ষেত্রে। 

আমি যেখানে ভাড়া থাকি, ওই বাসায় যখন আমি উঠতে গেছি, আমার হিজাব নিয়ে কটাক্ষ করা হইছে। এটা তো একরকমের অন্যায় হিসেবে তারা দেখে যে, আমি লিবারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে আমি মাথায় হিজাব তুলছি, এর জন্য আমাকে এক ধরনের ক্রিমিনাল হিসেবে দেখে তারা। 

সামান্তা শারমিন বলেন, “হিজাব যে কেউ স্টাইলের জায়গা থেকেও পরতে পারে। কথা হচ্ছে, আমার ব্যক্তিগত কিছু উপলব্ধির ব্যাপার আছে, সেই স্বাধীনতা তো আমার আছে। বাংলাদেশের আইনে হিজাব করা বৈধ। তাহলে আমাকে কেন এই জায়গা থেকে কটাক্ষ করা হবে সোসাইটিতে? আমাকে ক্রিমিনাল অফেন্সের মতো করে ডিল করা হবে কেন? আমার নিজস্ব উপলব্ধি হচ্ছে, আমি মাথা খালি রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি নাই ইসলাম ধর্ম গ্রহণের পরে। এটা একদমই আমার ব্যক্তিগত ব্যাপার।

শাহবাগকে স্টেট স্পন্সরড ফ্যাসিজমের সূচনা মনে করেন সামান্তা

এদিকে সামান্তাকে ডানপন্থীরা শাহবাগী হিসেবে আক্রমণ করলেও তিনি নিজে শাহবাগকে স্টেট স্পন্সরড ফ্যাসিবাদের সূচনা বলে মনে করেন। শাহবাগের ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বেঙ্গল লেন্সকে বলেন, “ওই সময়টা অর্থাৎ ২০১৩ সালে আমি তখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। বয়স খুবই কম, রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার কোনো সুযোগই ছিল না। ঐ অবস্থায়ও আমি যখন ছাত্রলীগকে শাহবাগের পক্ষে অবস্থান নিতে দেখছি, স্বভাবতই আমি এটার বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। যদিও ওই সময় আমার মতো একটা স্টুডেন্টের এই অবস্থানটা কোনো ম্যাটার করে না। আমার পলিটিক্যাল কোনো ইমপোর্টেন্স নাই সে সময়। কিন্তু আমি যখন দেখছি পাওয়ার পার্টি এটার পক্ষে অবস্থান নিচ্ছে, আমি তখন আমার রাজনৈতিক সমীকরণের বোঝাপড়াতেই আমি এটার বিপক্ষে চলে গেছি। ২০১১ সালে আমি যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকছি, সেদিন থেকেই আমার ছাত্রলীগের সাথে কোলিশন (দ্বন্দ্ব) ছিল, সো প্রশ্নই আসে না ছাত্রলীগ একটা কিছুতে ইনভলভ হচ্ছে, সেটার সাথে আমি একমত হওয়ার। আমি হয়তো দ্বিমত করি নাই বা কিছু বলতে পারি নাই, আমার কোনো ভয়েস ছিল না সে সময়, কিন্তু একমত হওয়ার তো প্রশ্নই আসে না। শাহবাগ ছিলো স্টেট স্পন্সরড একটা ফ্যাসিজমের সূচনা।”

সামান্তা শারমিনকে ‘শাহবাগী’ বলার কারণ জানতে চাইলে তিনি বলেন, “যারা এগুলো বলে, তারা কী সত্যের কাছাকাছি যাওয়ার জন্য বলে? তারা মূলত আমাকে যেকোনোভাবে আক্রান্ত করার জন্য বলে এসব। আমি হিজাব কেন, নিকাব পরলেও কোনো লাভ নাই। অন্যদিকে বাংলাদেশের সোসাইটিতে নরমালি যেটা গ্রহণযোগ্য না, ওরকম পোশাক পরলেও কেউ যদি উনাদের মতামত অনুযায়ী চলে, সে উনাদের চোখে ভালো হয়ে যাবে। পুরুষতান্ত্রিক যেই ব্যাপারটা আরকি, পুরুষের মতামত অনুযায়ী নারীকে চলতে হবে। মূলত সব প্রতিক্রিয়া ওই জায়গা থেকে আসছে। 

ইসলামবিদ্বেষী বলার কারণ হিসেবে তিনি বলেন, ‘ওনারা হচ্ছে ইসলামের ধারক-বাহক, ওদের কাছে গ্রহণযোগ্য না হইলে ওই মানুষ ইসলামবিদ্বেষী, এটাই হচ্ছে তাদের রিজন। যারা এসব বলেন, তারা সত্যের কাছাকাছি যাওয়ার জন্য এসব কথা বলে এমন না, বরঞ্চ ওরা চায় যে মিথ্যাটাই যাতে প্রতিষ্ঠিত হয়।

সাদ রহমানের আক্রমণ প্রসঙ্গে সামান্তা

সাদ রহমান এর পোস্টের প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, “ওনার পোস্টের কমেন্টগুলো খেয়াল করলে দেখবেন যে, প্রত্যেকেই তার এই বক্তব্যকে ইসলামোফোবিয়া এবং হিজাবোফোবিয়া হিসেবেই রিড করছে। এটা এমন জায়গা থেকেই লেখা হয়েছে, যিনি একজন হিজাবোফোবিক এবং একজন ইসলামোফোবিক পারসন। 

জেডিপির সঙ্গে বসার পর সমালোচনা প্রসঙ্গে সামান্তা বলেন, “যিনি সমালোচনা করেছেন উনি কোনো রাজনৈতিক ব্যক্তি না। তাই তার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তবে আমার রাজনৈতিক আইডোলজি অনুযায়ী আমি কোনো ব্যক্তিকে তার ব্যাকগ্রাউন্ড দিয়ে যাচাই করি না। সে আগে কী করত, এটা নিয়ে আমি যাচাই করি না। তার রাজনৈতিক প্রস্তাবনা কী, প্রকল্প কী, সেখানে সম্ভাবনা আছে কিনা, আমি সেটা দিয়ে বিচার করি। সেই জায়গায় যাদের সাথে আমার মিলবে, আমি তাদের সাথেই বসব। ওনাদের যে সমালোচনা, সেটা যে আমাকে কোনোভাবে এফেক্টেড করে, এমন না।”

‘ইসলামবিদ্বেষী’ ‘শাহবাগী’ ‘হিজাবী’ ইত্যাদি নামে আখ্যায়িত করে সমালোচনাকারীদের প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো আসলে কোনো পক্ষ করে না, বরং সব প্রতিপক্ষই এটাকে ওয়েপন হিসেবে ব্যবহার করে। তাছাড়া এরা তো ফেসলেস। আমাদের দেশের সরকারও এসব ব্যাপারে কোনো স্টেপ নেয় না। তাই আমি যে আসলে এখানে মামলা করবো বা কোনো প্রতিকার পাব, এই ভরসাও আমার নাই। ওই যে সালমান মুক্তাদির যেমন বলছিল, "আমি আইনের ব্যাপারে নাস্তিক"। আমরা সবাই আসলে ওই অবস্থাতেই আছি।”

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে এর প্রতিবাদে কিছু ব্লগার ও অ্যাক্টিভিস্ট ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নেন। শুরুতে কাদের মোল্লার ফাঁসি ও ট্রাইব্যুনাল আইন সংশোধনের দাবি থাকলেও পরবর্তীতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ এবং জামায়াত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বর্জনের দাবি তোলা হয়। শাহবাগ চত্বরটি তখন 'প্রজন্ম চত্বর' নামে পরিচিতি পায়। এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার ট্রাইব্যুনাল আইন সংশোধন করে এবং পরবর্তীতে কাদের মোল্লাসহ শীর্ষ জামায়াত-বিএনপির নেতাদের যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করে।


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder