Image description

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দেশে ফেরার পরিকল্পনা করছেন। মঙ্গলবার রয়টার্সকে এ কথা জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র।

এবারই প্রথম দেশে ফিরতে চাওয়ার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই তিনি এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে সংবিধান লঙ্ঘন করে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।’

 

তীব্র গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যান হাসিনা। এর কয়েক মাস পর তার পাসপোর্ট ও অন্যান্য নথি বাতিল করা হয়। এসব নথি চাওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হাসিনা।

 

এর আগে গত ৯ নভেম্বর শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার আবেদন জানিয়ে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠান ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস। ১৯ নভেম্বর সেই আবেদনের অগ্রগতি জানতে চাওয়ার পাশাপাশি শেখ হাসিনার একটি প্রত্যয়নপত্রও দেওয়া হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ সরকারের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এর আগে রোববার এক মন্ত্রী রয়টার্সকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফেরাতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

 

শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। যদিও নির্বাসনে থাকা হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।