Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, নাহিদ ইসলামের বাড়িতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এবং প্রচারিত ভিডিওটিও নাহিদ ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের দৃশ্য নয়।

অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ফেসবুক পেজ থেকে গত ১৪ নভেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওর সঙ্গে নাহিদ ইসলামের বাড়িতে আগুন দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

 

নাহিদ ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে কুমিল্লার দোকানে আগুন লাগার ভিডিও প্রচার

 

 
 

ডিবিসি নিউজের ফেসবুক পোস্টে বলা হয়েছে, “কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০-১২ টি দোকান পুড়ে ছাই।”

 

এই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমটির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখান থেকে জানা গেছে, গত ১৪ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ওইদিন একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল- সময় টিভি, আমার দেশ, বাংলাদেশ প্রতিদিন সহ একাধিক গণমাধ্যম।

এছাড়া, গতকাল (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩৪ মিনিটে নাহিদ ইসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। পোস্টে সাবেক সমন্বয়ক ও বর্তমান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, সাবেক সমন্বয়ক মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির বাড়িতে আগুন দেওয়ার কথা উল্লেখ করলেও নিজের বাড়িতে আগুন দেওয়ার কোনো তথ্য উল্লেখ করেননি।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে নাহিদ ইসলামের বাড়িতে আগুন দেওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

কালবেলা