গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ সংস্থার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামের একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। মার্কেটের সামনে পৌঁছালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে পুলিশে দেন তারা।
সূত্র জানায়, তানিয়া আক্তার তাপসীকে শনাক্ত করার পর সেখানে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। পরে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, চাকরির ইন্টারভিউ দিতে এলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।