Image description

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে নাশকতার সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মিরাজ নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় রূপসা উপজেলার সেনেরবাজার এবং নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এসব ঘটনা ঘটে।

রূপসায় গণপিটুনির শিকার আওয়ামী লীগ নেতার নাম মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আইচগাতী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 
মনির খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় মনির মাস্টারের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে রূপসা থানায় নিয়ে যায়।

 

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজারের নিজ দোকান থেকে স্থানীয় লোকজন মনিরুজ্জামানকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

 
আহত ওই নেতার নাম এ টি এম লাইসুজ্জামান (৫০)। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ীগেটের জনতা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখের দাবি, ওই কার্যালয়ে ককটেল তৈরির সরঞ্জাম, কাচের বোতল ও পেট্রল পাওয়া গেছে। সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাশকতার প্রস্তুতির সন্দেহে লাইসুজ্জামানকে আটক করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তবে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ককটেল তৈরির সময় কাউকে আটক করার বিষয়ে কিছু জানেন না তিনি। লাইসুজ্জামানকে ঘিরে কি ঘটেছে, সে বিষয়েও তাকে বিস্তারিত জানানো হয়নি। যতটুকু জানেন, ওই ব্যক্তি দোকানে ছিলেন।

ওসি আরো বলেন, মিরাজ নামের এক ব্যক্তিকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে কি অভিযোগ, তা বিস্তারিত জানাননি তিনি।