নড়াইলে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরীহ মানুষের ঘরবাড়ি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান জি এম কাদের।
বিবৃতিতে তিনি বলেন, ‘মানুষের বসতবাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। কেউ অপরাধ করে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’
জি এম কাদের আরও বলেন, ‘রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকারকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।’
নড়াইলে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।