Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, ‘শুধু দক্ষতা বা ভালো ফলাফল দিয়ে একটি সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়; একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার পাশাপাশি সমাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও সততার চর্চা প্রয়োজন।’

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্জন না হওয়ার পেছনে তিনি ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক হীনচক্রান্ত, দুর্নীতি, ব্যাংক লুটপাট ও বিদেশে অর্থ পাচারকে দায়ী করেন।

জাপান, জার্মানি, চীন ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ও সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এসব দেশ মানবসম্পদের সঠিক ব্যবহার, দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা এবং রাজনীতি ও প্রশাসনে মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে। অথচ বাংলাদেশে দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মেধার যথাযথ মূল্যায়ন না হওয়ায় মেধা পাচারের প্রবণতা বাড়ছে।

বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে শিবির সভাপতি বলেন, ‘এ দেশে মেধা, প্রাকৃতিক সম্পদ কিংবা পর্যটন সম্ভাবনার কোনো অভাব নেই; অভাব কেবল সঠিক ব্যবস্থাপনা ও দূরদর্শী পরিকল্পনার।’

তিনি দেশের পর্যটন খাত ও খনিজ সম্পদকে কাজে লাগানোর পাশাপাশি শিক্ষা ও আর্থিক খাতে প্রকৃত মেধাবী ও অভিজ্ঞদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি প্রশিক্ষণ, মূলধন সরবরাহ ও করমুক্ত সুবিধা প্রদানের প্রস্তাব দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘দেশ আমাদের কী দিয়েছে, সেই প্রশ্ন না করে আমি দেশকে কী দিতে পারলাম, তা ভাবতে হবে।’

তিনি পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে ঘুষ ও দুর্নীতিমুক্ত জীবন গড়ার শপথ নেওয়া এবং মানবতার কল্যাণে আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।