Image description

গোপালগঞ্জে টানা দুই দিনের বৃষ্টির পর সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। তিন দিনের ব্যবধানে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরের বড় বাজারের সবজি মার্কেটে গিয়ে দেখা যায়, প্রতি কেজি উচ্ছে ১০০ টাকা, ফুলকপি ৮০, বাঁধাকপি ৭০, ঢ্যাঁড়স ৮০, পেঁপে ৪০, বেগুন ১২০, শসা ৫০, কাঁচা মরিচ ১০০, মিষ্টিকুমড়া ৬০, চিচিঙ্গা ৬০ ও মুখিকচু ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাঁচকলা প্রতি হালি ৫০ টাকা, লেবু ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের লাউ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা সবজি ক্রেতা শহরের গেটপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, সবজির ভরা মৌসুমে দাম কমার কথা। কিন্তু গোপালগঞ্জের চিত্র উল্টো। লকডাউনে যান চলাচল সীমিত থাকার পাশাপাশি টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমেছে। এ কারণে বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এটি অস্বাভাবিক।

শহরের বেদগ্রামের বাসিন্দা আরেক ক্রেতা তরিকুল ইসলাম বলেন, গ্যাস, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগে থেকেই বেশি। এর মধ্যে সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সংসারের বাজেট সামলানো কঠিন হয়ে পড়েছে। তিনি বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সবজি বিক্রেতা আল-আমিন ইসলাম বলেন, গত বৃহস্পতিবার গোপালগঞ্জের বাজার বন্ধ ছিল। শুক্রবার বৃষ্টিতে জনজীবন প্রায় অচল হয়ে পড়ে। শনিবার বৃষ্টি কমলেও সকালে আড়তে সবজির সরবরাহ ছিল কম। ফলে বেশি দামে সবজি কিনতে হয়েছে। সরবরাহ কম থাকায় অনেক ব্যবসায়ী চাহিদামতো সবজিও সংগ্রহ করতে পারেননি। এ কারণে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক আড়তদার জানান, মোকামে সবজির সরবরাহ কম ছিল। সেখান থেকে ট্রাকে অল্প পরিমাণ সবজি আনা হয়েছে। এতে পরিবহন খরচও বেড়েছে। এ কারণে সবজির দাম বেড়েছে। তবে এক-দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন তারা।

গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, বিষয়টি তারা তদারকি করছেন। একই সঙ্গে সবজির বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন।