কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি ও নাশকতা চালিয়ে আওয়ামী লীগ দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মজলুম নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মওলানা ভাসানীকে ভারতের চর বলে আখ্যায়িত করেছিল।
তিনি বলেন, ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা যাতে অতিক্রম না করে, সে বিষয়ে পলাতক শক্তিকে সতর্ক করতে চাই। বোমাবাজি করে দেশে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়ন হবে না।
বিএনপির এই নেতা বলেন, ১৭ বছর ধরে গণতান্ত্রিক শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছে। পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বেও সেই সংগ্রাম অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র, জনতা ও শ্রমিকের অংশগ্রহণে গণঅভ্যুত্থান হয়েছে। এতে অনেকে আত্মত্যাগ করেছেন।
তিনি বলেন, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। আবার শেখ হাসিনা ফিরে আসবেন, আবার বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট হবে, সোনালী ব্যাংকের টাকা লন্ডনে চলে যাবে, বেসিক ব্যাংকের অর্থ লুটপাট হবে, আর বিদেশে ফ্ল্যাটের পর ফ্ল্যাট কেনা হবে-এমন পরিস্থিতি দেশের মানুষ মেনে নেবে না।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখল ও সম্পদ অর্জনের অভিযোগ তুলে রিজভী বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি শেখ হাসিনা, তার ভাগ্নি ও মেয়ের নামে নেওয়া হয়েছে। গোটা বাংলাদেশকে যেন নিজেদের জমিদারি মনে করা হয়েছিল। সেই জমিদারি ফিরে পাওয়ার জন্য টোকাইদের দিয়ে বোমাবাজি করিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে।
মওলানা ভাসানীর অবদান স্মরণ করে রিজভী বলেন, তিনি ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরে ন্যাপ গঠন করেন। ১৯৫৭ সালেই তিনি পাকিস্তানের শাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বাধীনতার আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন। মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে নতুন প্রজন্মের জানার এবং গবেষণার অনেক সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংগ্রামের ইতিহাসে মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতারা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। এই মাটির মানুষের মধ্য থেকে উঠে আসা নেতৃত্ব ও জনগণকে বোমাবাজি কিংবা বিদেশ থেকে উসকানি দিয়ে দমন করা সম্ভব নয়।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা নজরুল হক নান্নু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ অন্য নেতারা।
সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।