বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ। বুধবার (১৮ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের নাশকতা নিয়ে করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ওই পোস্টে রাশেদ খান লেখেন, ‘টুঙ্গিপাড়ার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষা সেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। সামনে হয়তো নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যাবে এবং শপিংমল ও দোকানপাট খোলা রাখতে সাহস করবে না ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় নেমে আসবে শেখ মুজিবুর রহমানের শাসনামলের ন্যায় ৭৪ এর দুর্ভিক্ষ! তখন টুঙ্গিপাড়ার লোকজন আওয়ামী সন্ত্রাসীদের খামচে ধরবে এবং বলবে যে, ভাত দে হারামজাদা নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারবো!’
তিনি লেখেন, ‘বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না। গুম খুন ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে।
রাশেদ খান আরো লেখেন, ‘এজন্য টুঙ্গিপাড়ার মানুষের মস্তিষ্কের মধ্যে সমাধান খুঁজতে হবে। তাদের পেটে বেশি করে টান লাগলে তারা বুঝবে যে, আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা বন্ধ করা দরকার। অন্যথায় টুঙ্গিপাড়ায় সরকার কঠোর হস্তে আওয়ামী নাশকতা দমন শুরু করলে যদি কোনোক্রমে হতাহতের ঘটনা ঘটে, সেটাকে পুঁজি করে দেশে ও আন্তর্জাতিক মহলে রাজনীতি করা হবে যে, আবারও বাংলাদেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে। বিএনপি সরকার সেই দায় নিয়ে রাজনীতি করতে চায় না।