ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা-নাশকতা এবং পোশাকশ্রমিকদের টানা আন্দোলন- সব মিলিয়ে দেশের পরিস্থিতি মৃদু টালমাটাল। আইন-শৃঙ্খলাসহ চলমান পরিস্থিতি সামাল দিতে কৌশলী ভূমিকায় রয়েছে সরকার। আর দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন ক্ষমতাসীন দল বিএনপির হাইকমান্ড।
একদিকে সহিংসতা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় রাখা অন্যদিকে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সক্রিয় করে তুলে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার কৌশল গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
কোনো উসকানিতে পা না দিয়ে দলের নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে দলের নেতাকর্মীদের সক্রিয় করতে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি গ্রহণ ও সাংগঠনিক পুর্নগঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে গত দুইদিনে গাজীপুরসহ তিন মহানগর এবং ময়মনসিংহ দক্ষিণ-উত্তর জেলাসহ যুবদলের অন্তত ১২টি জেলার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সরকারের জন্য সাম্প্রতিক ঘটনাগুলো কেবল একটি রাজনৈতিক দলের কর্মসূচি দিয়ে মোকাবিলার প্রশ্ন নয়।
বরং নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের আড়ালে সহিংসতা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা হচ্ছে কি না, সেটিও গোয়েন্দা সংস্থাগুলোর নজরে রাখতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধৈর্যের সঙ্গে মোকাবিলার কথা বলা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছে; সীমা অতিক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের পরিস্থিতির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন ও সড়ক অবরোধের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ বাড়িয়েছে।
৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৯টি বাসে আগুন এবং ২৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ ২৯ জনকে গ্রেপ্তার এবং ১১টি মামলা করার কথা জানিয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন জেলায় প্রায় দুই হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান এবং বিভিন্ন প্রবেশপথে তল্লাশিচৌকি বসানো হয়েছে। সর্বশেষ গত ১৬ নভেম্বর সোমবার রাতেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গেট এবং জসীমউদ্দীন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিন পথচারী সামান্য আহত হন। অজ্ঞাত ব্যক্তিরা এসব বিস্ফোরণ ঘটিয়েছে বলে বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছে। এসব ঘটনার পর পুলিশ সদর দপ্তর থেকে দেশব্যাপী নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে টহল এবং নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতা, অপতৎপরতা, গোপালগঞ্জে সংঘটিত তাণ্ডব এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস ও অগ্নিসংযোগের ঘটনা সরকারের নিরাপত্তা পরিকল্পনায় নতুন চাপ তৈরি করেছে। গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল-সমাবেশ করে। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লাঠি, রামদা, কুড়াল, বর্শা ও বৈঠা দেখা যায়। এ সময় পুলিশের গাড়ি ও স্থাপনায় ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়। এ ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়।
রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি পোশাকশিল্পের শ্রমিক আন্দোলনও সরকারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে কয়েক সপ্তাহ ধরে গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকদের দাবির মধ্যে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার বিষয়টি রয়েছে। শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ডে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। শ্রমিক আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে সড়ক অবরোধ, সংঘর্ষ ও কারখানা বন্ধের ঘটনা ঘটেছে।
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ক্ষমতাসীন দল বিএনপি কৌশলী অবস্থান নিয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি দলটির নেতাকর্মীরা যাতে পাল্টা সহিংসতার দিকে না যায় তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন ধরনের উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের সর্তক থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে ডিসেম্বরজুড়ে নিজ নিজ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বিএনপি। গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব নির্দেশনা দেন দলীয় প্রধান তারেক রহমান। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য উসকানি মোকাবিলা এবং দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়েও আলোচনা হয়। জানা গেছে, বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রাজপথে সরব থাকতে অবস্থান কর্মসূচি, পথসভা-সমাবেশ, সাংস্কৃতিক কর্মসূচি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট নেতারা বলছেন, দলের ভেতরের সব ধরনের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেছেন, মতপার্থক্য থাকলেও বৃহত্তর স্বার্থে এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই। কেন্দ্র থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। বিভক্তি বা কোন্দল পরিহার করে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সহজ হবে বলে তিনি মনে করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপি প্রতিবছর যেসব কর্মসূচি পালন করে, এবারও সে ধরনের কর্মসূচি থাকবে। নতুন কর্মসূচির মধ্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার দিন এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটি ঘিরে বড় ধরনের আয়োজন থাকবে ঢাকাসহ দেশজুড়ে। ফলে ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুধু বিএনপি নয়, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকেও পৃথক পৃথক কর্মসূচি নিয়ে মাসজুড়ে থাকবে।
শীর্ষনিউজ