Image description

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আঁখি বেগমের সতীন শাহিনা বেগমকে (৩২) আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আঁখি বেগম ওই গ্রামের রেলকর্মী আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী এবং আদিল তাদের তৃতীয় সন্তান। আব্দুর রাজ্জাক রেলওয়েতে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর পরই সন্দেহভাজন হিসেবে আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’