যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ২২ শতাংশ কলেজ শিক্ষার্থী মনে করেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (৯/১১) সন্ত্রাসী হামলা যুক্তরাষ্ট্রের প্রাপ্য ছিল। বাকলি ইনস্টিটিউটের বার্ষিক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে ৮০৩ জন মার্কিন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, ‘আমেরিকার ১১ সেপ্টেম্বরের হামলা প্রাপ্য ছিল’—এই বক্তব্যের সঙ্গে তাঁরা একমত কি না।
এতে ২২ শতাংশ শিক্ষার্থী একমত পোষণ করেন। বিপরীতে ৭২ শতাংশ দ্বিমত জানান এবং ৬ শতাংশ এ বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলায় ছিনতাই করা বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানা হয়।
এতে ভবন দুটি ধসে পড়ে এবং প্রায় তিন হাজার মানুষ নিহত হন। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের কারও জন্মই হয়নি ওই হামলার সময়।
বাকলি ইনস্টিটিউটের জরিপে মার্কিন শিক্ষার্থীদের অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও উঠে এসেছে। এতে দেখা গেছে, দেশটির কলেজ শিক্ষার্থীদের মধ্যে সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বেড়েছে।শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়, সুযোগ পেলে তাঁরা কোন অর্থনৈতিক ব্যবস্থার অধীনে বসবাস করতে চান। উত্তরে ৪২ শতাংশ সমাজতান্ত্রিক ব্যবস্থার পক্ষে মত দেন। অন্যদিকে পুঁজিবাদী ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন ২৮ শতাংশ। বাকি ৩০ শতাংশ এ বিষয়ে কোনো মতামত জানাননি। গত পাঁচ বছরের জরিপে সমাজতন্ত্রের পক্ষে এটিই সর্বোচ্চ ব্যবধান।
জরিপে অংশ নেওয়া ৪৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন, কিউবা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক মডেল নিখুঁত না হলেও যুক্তরাষ্ট্রের মতো পুঁজিবাদী দেশগুলোর তুলনায় উন্নত। বিপরীতে ৩৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন, মার্কিন পুঁজিবাদ একটি উন্নত অর্থনৈতিক মডেল।
ইসরায়েলের প্রতি শিক্ষার্থীদের মনোভাবেও পরিবর্তন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের জন্য কোন দেশটি ভালো মিত্র—এমন প্রশ্নে ৩৮ শতাংশ শিক্ষার্থী ফিলিস্তিনের নাম উল্লেখ করেছেন। ইসরায়েলের পক্ষে মত দিয়েছেন ২৫ শতাংশ। গত বছরের তুলনায় ইসরায়েলের প্রতি সমর্থন ৯ শতাংশ পয়েন্ট কমেছে।
যুক্তরাষ্ট্রে বর্ণবাদের পরিস্থিতি নিয়েও শিক্ষার্থীদের মতামত উঠে এসেছে জরিপে। দেশটিতে বর্ণগত সমতার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ৫০ শতাংশ শিক্ষার্থী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ গভীরভাবে জড়িত এবং অধিকাংশ সংখ্যালঘু মানুষ সমতার প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যদিকে ৩৯ শতাংশ শিক্ষার্থী মনে করেন, যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে এবং আরও বেশি মানুষের কাছে সমতার প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট