Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।

তিনি আরও লেখেন, ‘এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

এর আগে, বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির একটি টিনশেড ঘরের পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, যে টিনশেড ঘরটিতে আগুন লেগেছে, সেটি নুসরাত তাবাসসুমের দাদার তৈরি। সেখানে কেউ বসবাস করতেন না। ঘরটি মূলত গরু-ছাগল পালন ও পশুখাদ্য রাখার কাজে ব্যবহৃত হতো। ওই ঘর থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাতের মা-বাবা ও পরিবারের সদস্যরা বসবাস করেন।

ঘটনার পর গতকাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাড়িতে পেট্রলবোমা হামলার কথা জানান নুসরাত তাবাসসুম। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানেন না বলে উল্লেখ করেন তিনি।

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’

পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ এবং এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।