ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দেশটির ২০ বছর বয়সী ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। মঙ্গলবার স্থানীয় সময় গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
আবদেল-মালেক ছিলেন গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক।
ক্লাবটির পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। সেখানে তাকে ক্লাবের কিংবদন্তি ও প্রথম দলের গোলরক্ষক হিসেবে উল্লেখ করা হয়।
পিএফএর তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ জনে। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে আবদেল-মালেক খেলেছিলেন ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ টুর্নামেন্টের গাজা ও উত্তর গাজা বিভাগের ফাইনালে।
গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতা।
টুর্নামেন্টে অংশ নেয় দুই শতাধিক ক্লাব। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবিরের ৩৬টি ক্লাব ছিল। তিনটি অঞ্চলে একই সময়ে শুরু হয়েছিল প্রতিযোগিতাটি।
গাজা বিভাগের ফাইনালে রানার্সআপ হয় আবদেল-মালেকের গাজা স্পোর্টস ক্লাব।
এর কয়েক দিন আগেও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারায় ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ নিদাল বারবাক। শুক্রবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় গুলিতে নিহত হয় সে।
গাজায় ক্রীড়াঙ্গনে ধারাবাহিক প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গত মার্চে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল পিএফএ। ফিফার শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনে ইসরায়েলের বেইতার জেরুজালেম ক্লাবের ধারাবাহিক বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার বিষয়টিও উঠে এসেছিল।
ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের দাবি, ইসরায়েলি হামলায় গাজার ক্রীড়া অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টির বেশি ধ্বংস হয়েছে। এ ছাড়া ফিফার সহায়তায় নির্মিত প্রায় ২০টি পাঁচ-এ-সাইড ফুটবল মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তফা সিয়াম।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র : আল-জাজিরা