Image description

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে টায়ার জ্বালানোর সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে রেললাইনে টায়ার জ্বালানোর চেষ্টা করার সময় আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল ও অর্থ সম্পাদক নির্জনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

বাকৃবি শাখা ছাত্রদলের নেতারা বলেন, স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তা বরদাশত করবে না। বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতে ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।

ঘটনার বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। এ সময় আরও একজন পালিয়ে যায়। আটক দুজন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।