Image description

চাকরিজীবী মোহাম্মদ কবির ও তার স্ত্রী আয়েশা বেগমের সংসারে আর কোনো সন্তান রইলো না। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ছেলেকে হারিয়েছেন তারা। শুক্রবার সকালে মারা যায় ১০ বছর বয়সী বড় ছেলে আরাফাত। এর দুইদিন পর রোববার রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় ১০ মাস বয়সী ছোট ছেলে আবু বক্কর আরব। পরিবারের সদস্যরা জানান, দুই ভাইয়ের অসুস্থতার ধরন ছিল প্রায় একই। প্রথমে ডেঙ্গু শনাক্ত হয়। পরে দেখা দেয় হাম ও নিউমোনিয়ার উপসর্গ। প্রায় দুই সপ্তাহ ধরে সন্তানদের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন বাবা-মা।

প্রথমে আরাফাতকে নেয়া হয় সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় ইম্পেরিয়াল হাসপাতালে। পরে নেয়া হয় মা ও শিশু হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা যায় সে। বড় ছেলেকে হারানোর পর ছোট ছেলে আরবকে ঘিরেই শেষ আশাটুকু ধরে রেখেছিলেন কবির-আয়েশা। লাইফ সাপোর্টে থাকা সন্তানকে বাঁচাতে চিকিৎসকদের কাছে বারবার আকুতি জানিয়েছেন বাবা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, অন্তত একটি সন্তান যেন ফিরে পান। দুই ছেলের চিকিৎসা করাতে গিয়ে ধারদেনায় জড়িয়ে পড়েন কবির। চাকরির বেতনে চিকিৎসার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়লেও সন্তানদের বাঁচানোর চেষ্টা থামাননি তিনি। তারা বলেন, ‘টাকা গেলে টাকা আসবে, ছেলেরা বেঁচে থাকুক—এটাই চেয়েছিলাম। চিকিৎসক যখন বললেন, বুকের মানিক আর নেই, তখন মনে হলো আমাদের কোল শূন্য হয়ে গেল।’ সোমবার দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয় মোমেনবাগ কবরস্থানে।
অপরদিকে কয়েকদিন আগেও কাপ্তাই হ্রদে নৌভ্রমণ আর স্বজনদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ছিল জয়শ্রী দত্ত। সেই আনন্দময় মুহূর্তগুলো এখন পরিবারের কাছে শুধুই স্মৃতি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকালে মারা যায় চট্টগ্রাম নগরের হালিশহরের শাহীন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। জয়শ্রীর বাবা সুমন দত্ত (৪২) হালিশহরের কে ব্লক এলাকায় আমানত টেইলার্স নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় গ্রামের পশ্চিম পাড়ায়। তিন সন্তানের মধ্যে জয়শ্রী ছিল মেজ।

পরিবারের সদস্যরা জানান, গত ২৬শে অক্টোবর কাপ্তাইয়ে এক স্বজনের বিয়েতে অংশ নিয়েছিল পরিবারটি। সেখানে কাপ্তাই হ্রদে নৌকায় সবার সঙ্গে আনন্দে মেতেছিল জয়শ্রী। বিয়ের অনুষ্ঠান শেষে ২৮শে অক্টোবর চট্টগ্রাম নগরে ফেরার পর তার জ্বর আসে। ওই দিনই তাকে বড়পুল এলাকার মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে নগরের মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায়। ওই দিন সন্ধ্যায় আনোয়ারার গ্রামের বাড়িতে তার সৎকার করা হয়। সুমন দত্ত বলেন, ‘হাসতে হাসতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিয়েতে গেল। আমার মেয়েটা কতো আনন্দ করলো। এভাবে চলে যাবে, কখনো ভাবিনি।’

অন্যদিকে ‘বাড়ি গেলে মায়ের সেবা-যত্ন পেলে সুস্থ হয়ে যাবো’—জ্বরে আক্রান্ত হওয়ার পর সহকর্মীদের এমন কথাই বলেছিলেন আনসার সদস্য মো. শুভ আলী (২৬)। অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু মায়ের কাছে আর ফেরা হয়নি তার। শনিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুভ। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কর্মরত আনসার সদস্য ছিলেন। সহকর্মীরা জানান, গত ৩১শে অক্টোবর শুভর জ্বর আসে। নগরের বন্দরটিলা এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হলেও তখন কোনো রোগ শনাক্ত হয়নি। চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যাম্পে ফিরে আসেন। কিন্তু জ্বর ওঠানামা করছিল। এ অবস্থায় বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে ১লা নভেম্বর বিকালে আরেক আনসার সদস্যকে সঙ্গে নিয়ে ট্রেনে রওনা হন।

ঢাকায় পৌঁছে ক্যাম্প কমান্ডার আশরাফুল ইসলামকে ফোন করে জানান, ফুফুর বাসায় দু’দিন থেকে পরে বাড়ি যাবেন। সেখানে অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।