Image description

জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে, তবে শ্রমিক বাঁচলেও শিল্প বাঁচবে। পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এ সিদ্ধান্ত গ্রহণে যত বিলম্ব হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ ততই বাড়বে।
বুধবার দুপুরে জামায়াতের দলীয় পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। ইতিমধ্যে এ আন্দোলনের কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। দুই-একটি জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গতকাল গাজীপুরের শ্রীপুরে গাইবান্ধার তৌফিক নামে এক পোশাকশ্রমিককে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের নিন্দা জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করেছিলাম, সরকার দ্রুত এ সমস্যার যৌক্তিক সমাধানে এগিয়ে যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনধারণ করা অনেকটা অসম্ভব। তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল। কিন্তু সরকার এখন পর্যন্ত এ পদক্ষেপ নিতে পারেনি।
জামায়াত আমীর বলেন, সরকারকে আহ্বান জানাব, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। এ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, ক্ষতির পরিমাণ ততই বাড়বে। এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে। এ ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা এবং সতর্কতার পরিচয় দিতে হবে।
শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা শ্রমিক ভাই-বোনদের প্রতি সহানুভূতিশীল। আপনাদের প্রতিষ্ঠান আপনারা বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি। শিল্প বেঁচে থাকলে আপনারাও বেঁচে থাকবেন।
মালিকপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করুন। তাহলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়ে যাবে।
তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে, অস্থিরতা তৈরির সুযোগ আর না দিয়ে সরকার যেন দ্রুত তার কর্তব্য পালন করে।
ভিডিও বার্তায় গাজীপুরের শ্রীপুরে নিহত তৌফিকের আত্মার মাগফিরাত কামনা করেন জামায়াত আমীর। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।