ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে দীপাবলি ও হোলি উৎসবে দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে রান্নার গ্যাসের (এলপিজি) সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মঙ্গলবার (৩ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি জানান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলো বছরে দীপাবলি ও হোলি উপলক্ষে একটি করে বিনামূল্যের এলপিজি সিলিন্ডার পাবে।
এদিন রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি সুবিধাভোগীর জন্য গ্যাস সিলিন্ডার রিফিলের ভর্তুকি বিতরণ কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এ কর্মসূচির জন্য ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে রাজ্য সরকার।
অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডারের দাম ও কেন্দ্রীয় সরকারের ভর্তুকির হিসাব তুলে ধরেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, একটি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দেয়। ফলে গ্রাহককে নিজের পকেট থেকে দিতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি।
মুখ্যমন্ত্রী বলেন, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা দরিদ্র পরিবারগুলোকে দীপাবলি ও হোলিতে একটি করে বিনামূল্যের সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
তিনি আরও বলেন, গ্যাসের খরচের এই সাশ্রয় হওয়া অর্থ দিয়ে পরিবারগুলো দীপাবলির মিষ্টি ও প্রদীপ কিনতে পারবে।
অনুষ্ঠানে বর্তমান সরকারের সময়ে এলপিজি সংযোগের প্রাপ্যতার সঙ্গে কংগ্রেস সরকারের আমলের পরিস্থিতির তুলনাও করেন যোগী আদিত্যনাথ।