Image description

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদনের মাত্র চার ঘণ্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম। কমিটি গঠনের আগে তাঁর সঙ্গে যোগাযোগ না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ২৩ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আবদুল মান্নানকে আহ্বায়ক, খন্দকার দিদারুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফারুককে সদস্য সচিব করা হয়।কমিটি অনুমোদনের পর রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম। পোস্টে তিনি লেখেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ’

মুঠোফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খন্দকার দিদারুল আলম জানান, সুবর্ণচর উপজেলা শাখার কমিটি গঠনের বিষয়ে তাঁকে আগে থেকে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার সন্ধ্যার পর ফেসবুকে প্রকাশিত কমিটিতে নিজের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দেখতে পান তিনি। কমিটি অনুমোদনের আগে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ না করায় পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি চূড়ান্ত করবেন।এ বিষয়ে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে খন্দকার দিদারুল আলম পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানাবেন।

শীর্ষনিউজ