Image description

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ‘প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পেছনে আছে জামায়াতের আমিরের উপদেষ্টা’। তিনি বলেন, ‘এনসিপিরও মন কাঁদছে, কিন্তু আয়াসের পাশে দাঁড়াতে পারছে না’।

রোববার (১১ অক্টোবর) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ‘বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে যে, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চায় নি! এনসিপিরও মন কাঁদছে, কিন্তু আয়াসের পাশে দাঁড়াতে পারছে না। তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। আসলে কে এই আয়াস, তাকে চালায় কে?’

রাশেদ খাঁন বলেন, ‘ময়মনসিংহের প্রতারক উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের স্টাইল ও চেহারা (কিছুটা) বদলে হয়ে গেছে জুলাই যোদ্ধা আয়াস! ইতোপূর্বে সে প্রতারণার মামলায় জেলও খেটেছে, মামলা এখনো বিচারাধীন। আজকে সে প্রিজন ভ্যান থেকে বলেছে তার WhatsApp log in করে যাতে সব ডিলিট করা হয়! কি আছে তার WhatsApp -এ? কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মারতে তাকে চুনকালি কেনার টাকা দিয়েছে জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, ‘জুলাইয়ের নামে যতোগুলো বিতর্কিত সংগঠন ও বিতর্কিত কাজ আছে, তা অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করে এই ব্যারিস্টার শাহরিয়ার কবির। এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে বাঁচাতেই WhatsApp এর তথ্য ডিলিট করতে বলেছে প্রতারক উজ্জ্বল ওরফে আয়াস!’

এদিকে, ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় গ্রেফতার চারজনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে মো. সাকিবুস হাসান ও আল নূর মোহাম্মদ আয়াসের তিনদিন করে এবং মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।