রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
রোববার (৪ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে এনসিপি জানায়, রাত সাড়ে ৮টার দিকে রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে চালানো হামলায় চার সাংবাদিক ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে দলটি।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, ফেসবুক পোস্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ দেশীয় অস্ত্র নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থান নেন। পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ করতে গেলে তারা সাংবাদিকদের ওপর চড়াও হন।
হামলায় আহত সাংবাদিকেরা হলেন দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম। তাঁদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, হামলাকারীরা সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো চরম হুমকিও দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতাকর্মী সরাসরি অংশ নেন।
আহত সাংবাদিকদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবৃতিতে এনসিপি বলেছে, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার কেন্দ্রে রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের সশস্ত্র কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ প্রশাসনও এর দায় এড়াতে পারে না।
এনসিপির মিডিয়া সেল বলেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের অবিলম্বে দলীয় ও রাষ্ট্রীয় আইনে গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা এবং নির্বিঘ্নে মতপ্রকাশের পরিবেশ অবিলম্বে ফিরিয়ে আনারও দাবি জানিয়েছে দলটি। দেশবাসীকে সঙ্গে নিয়ে ছাত্র-জনতা ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি শক্ত হাতে প্রতিহত করবে বলেও জানিয়েছে এনসিপি।