Image description

স্থায়ী ঠিকানার প্রমাণপত্র না থাকায় প্রাইমারির নিয়োগপত্র পেতে জটিলতার সম্মুখীন হওয়া মিশন আচার্য অবশেষে নিয়োগপত্র পেতে যাচ্ছেন। আজ রবিবার (৪ অক্টোবর) নিয়োগপত্র নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মিশনকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ( সচিব পদমর্যাদার) মো: রাশেদ খাঁন।

রবিবার নিজের ফেসবুকে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি যুক্ত করে দেওয়া এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। সেখানে তিনি লেখেন, ‘ মিশন আচার্য নিয়োগপত্র হাতে পেতে যাচ্ছে... মাননীয় শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।’

তিনি আরও লেখেন, ‘চট্টগ্রাম ও কক্সবাজারের ২ দিনের সফর শেষে আজকে মিশন আচার্যকে সাথে নিয়ে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেন শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন মহোদয়।’

এ সময় শিক্ষামন্ত্রীর কাছে একটি আবেদনপত্র জমা দেন রাশেদ খাঁন। সেখানে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্থায়ী বসতভিটা না থাকার কারণে ঝিনাইদহ সদর উপজেলার চাকরি প্রার্থী মিশন আচার্য (রোল নং-৬৫১৫৩২৮) নিয়োগপত্র হাতে পাননি মর্মে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এরপর আমি আমার নিজ জেনা ঝিনাইদহের সদর উপজেলার স্থায়ী বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে, মিশন আচার্য ঝিনাইদহ সদর উপমেলার কলাবাগান নামক স্থানে জন্মলগ্ন থেকে বসবাস করছেন। তিনি এই এলাকাতেই জন্ম গ্রহণ করেছেন বলে নিশ্চিত হয়েছি এবং আজ অবধি এই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস করছেন।

সেখানে আরও উল্লেখ করা হয়, ‘ছোটোবেলা থেকে মিশন আচার্য পিতৃহীন হিসেবে বড় হয়েছেন। তবে তার গর্ভধারিণী মা তাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছেন। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন। আমার পাওয়া তথ্য মতে, মিশন আচার্য অত্যন্ত ভদ্র ছেলে। এলাকায় তার বিরুদ্ধে কোনো নেতিবাচক সংবাদ শোনা যায় নি। উপর্যুক্ত বিষয়গুলো ও মানবিক বিবেচনায় বিধি মোতাবেক আমার এলাকার সন্তান মিশন আচার্যের নিয়োগপত্র প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’