প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামাজিক মাধ্যম টিকটকে গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজারে মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নিজাম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত দুই-তিন দিন ধরে নিজের নামীয় মামুন খান ০৭ নামের টিকটক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে ভিডিও তৈরি করে পোস্ট করেন মামুন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র নিন্দার ঝড় ওঠে। মামুনের বিরুদ্ধে সদর মডেল থানায় পূর্বের আরেকটি মারামারির ঘটনার লিখিত অভিযোগও রয়েছে।
গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ বলেন, ‘মামুন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করেছে। আমরা মনে করছি, কোনো একটি বড় দুষ্কৃতকারী চক্র এটার সঙ্গে জড়িত আছে। এ ঘটনার তদন্ত প্রয়োজন।’
মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার যুবক প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে। এ রকম কর্মকাণ্ডে আমরা কোনো ছাড় দেব না। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’