Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা জামায়াতে ইসলামী।

শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কাচারী বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নায়েবে আমির আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন এবং উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম।

 

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন। তারা বলেন, আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তিরও দাবি জানান তারা।

 

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব।

 

মামলাটিতে পুলিশ আখতারুজ্জামান রঞ্জনের পাঁচ দিনের রিমান্ড চায়। পরে আদালত তাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

 

এদিকে তার গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীসহ বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচি থেকে আখতারুজ্জামান রঞ্জনের মুক্তির দাবি জানানো হয়।

 

কিশোরগঞ্জের শনিবারের কর্মসূচিতে বক্তারা বলেন, আখতারুজ্জামান রঞ্জনের মুক্তির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।