পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের করা মামলায় অভিযুক্ত মো. করিম শিকদারকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছেন তিনি।
শিশুটি স্থানীয় ২৯ নম্বর দক্ষিণ তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত করিম শিকদার উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী এলাকার মৃত মোকলেস উদ্দিন শিকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ অক্টোবর দুপুরে কঁচা নদীর পাড়ে যায় শিশুটি। সেখানে একটি নৌকায় বসিয়ে রেখে কচুরিপানা ও গবাদিপশুর খাবার সংগ্রহ করতে যান বাবা। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।
পরিবারের অভিযোগ, বাবার অনুপস্থিতির সুযোগে করিম শিকদার শিশুটিকে নদীর তীরের নির্জন স্থান নিয়ে যৌন নির্যাতন করেন। বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন।
ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আসামি করিম শিকদারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির শারীরিক পরীক্ষা সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে, আইনি প্রক্রিয়া ও প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি দায়িত্বরত চিকিৎসকরা।