রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম অনিক। তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে, এ হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন, মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্নাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির স্টুডিও তৈরি করেছিলেন। হামলার সময় স্টুডিওটি ভাঙচুর করা হয়।
শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে লোকজন গিয়ে হামলা চালিয়ে স্টুডিওটি ভাঙচুর করে বলে অভিযোগ সালমান মুক্তাদিরের।
এই বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমি মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।