Image description

বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দলীয় পৃষ্ঠপোষকতায় মবসন্ত্রাস ও দখলদারির রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, থানা, স্কুল, হাট-বাজার, ময়লার ভাগাড় ও বালুমহালের পর এবার হাসপাতালে হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাদিক কায়েম।

 

পোস্টে সাদিক কায়েম বলেন, রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে সংঘবদ্ধভাবে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। দখলকারী ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর পেছনে নেতৃত্ব দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।

 

তিনি বলেন, যে হাসপাতালে হামলা চালিয়ে জমি দখল করা হয়েছে, সেই হাসপাতালটি গত ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। পাশাপাশি দরিদ্র রোগীদের জন্যও রয়েছে বিশেষ কার্যক্রম। অথচ বিএনপির দখলদারিত্ব থেকে রক্ষা পেল না হাসপাতালটিও।

 

সাদিক কায়েম আরও বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশে বিএনপির নামে নগ্নভাবে যে জমি দখল ও মবসন্ত্রাসের রাজত্ব চলছে, মিরপুরের ঘটনাটি তারই একটি উদাহরণ। পাশাপাশি এলাকা ভাগ করে সংরক্ষিত নারী আসনের এমপিদের যেভাবে সন্ত্রাসের ঠিকাদারি দেওয়া হয়েছে, এ ঘটনাটি তারও নগ্ন উদাহরণ।

 

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা করাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ফিলিস্তিনে ইসরায়েলকে এমন হামলা চালাতে দেখেছি, জুলাইয়ে ছাত্রলীগকেও এমন হামলা চালাতে দেখেছি। এসব করে বিএনপি নিজেদের জন্য ধ্বংসের পথ বেছে নিচ্ছে। অবশ্য দখলের নেশায় মত্ত সন্ত্রাসীরা সেই হুঁশ হারিয়ে ফেলেছে।