Image description

সরকারি চাকরিতে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি, বৈষম্য ও নিয়োগবঞ্চনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইবি ছাত্রশক্তির দপ্তর সেলের সদস্য রাফিদ জাবির অর্ণব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসান ও সদস্য সচিব ইফতেহার উদ্দীন যৌথ বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন। 

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সরকারি চাকরির চূড়ান্ত তালিকায় স্থান পাওয়ার পরও রাজনৈতিক পরিচয়, ভিন্নমত বা পারিবারিক প্রেক্ষাপটের কারণে অনেক প্রার্থীকে বাদ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হওয়ার পরও রাজনৈতিক কারণে প্রার্থী বাদ দেওয়া পুরোনো ফ্যাসিবাদী ব্যবস্থারই পুনরাবৃত্তি। সরকারি নিয়োগে প্রার্থীর মেধা, যোগ্যতা, সততা ও আইনের প্রতি আনুগত্যই মূল মাপকাঠি হওয়া উচিত।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে ৪ দফা দাবি উপস্থাপন করা হয়। সেগুলো হচ্ছে -  পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে হবে; কোনো প্রার্থীর ক্ষেত্রে নেতিবাচক প্রতিবেদন দেওয়া হলে তার পেছনে আইনসম্মত ও নির্দিষ্ট কারণ থাকতে হবে; ভেরিফিকেশনের নামে এ পর্যন্ত যাদের অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শকে অপরাধ হিসেবে গণ্য করা এবং নাগরিকদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত করার প্রবণতা অবিলম্বে বন্ধ করতে হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে সব ধরনের রাজনৈতিক বৈষম্য বন্ধ করে একটি সম্পূর্ণ মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা গড়ে তোলার জোর দাবি জানান।