Image description

চট্টগ্রাম থেকে কুমিল্লায় গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সংগঠিত করে মিছিল ও নাশকতার চেষ্টা চালানোয় মোবারক হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিকল্পনা বাস্তবায়নের আগেই ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতার মোবারক চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের নেতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও পলাতক আওয়ামী লীগ নেতা মোবারক আলীর ব্যক্তিগত সহকারী (পিএস)। তিনি বায়েজিদের শফিউল বাবু ও মারুফা বেগমের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ ফারুক হোসেন জানান, মোবারক ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ব্রাহ্মণপাড়ায় তার মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন। তবে তার মূল বাড়ি চট্টগ্রামের বায়েজিদে। দুটো ঠিকানা ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন গোপন সভা পরিচালনা করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সুসংগঠিত করে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি।

 

বায়েজিদ এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, চসিকের সাবেক কাউন্সিলর মোবারক আলীর পিএস পরিচয়ে বিগত সময়ে বায়েজিদ এলাকায় বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছিলেন মোবারক। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি চট্টগ্রাম ছেড়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মামার বাড়িতে গা ঢাকা দেন। তবে সুযোগ বুঝে তিনি মাঝেমাঝে চট্টগ্রামে এসে ঝটিকা মিছিলে অংশ নিতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও আওয়ামী লীগের অপতৎপরতার পক্ষে সরব ছিলেন তিনি। গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলেও তাকে দেখা যায়।