Image description

বিএনপির মহাসচিবের উপস্থিতিতে দুই স্কুল ও মাদরাসার পাঠদান বন্ধ রেখে ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের স্মরণসভা করেছে বিএনপি। রোববার দুপুরে জেলার সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোর বাজার এলাকার ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসা ও দক্ষিণ ফরহাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে যুবদল নেতা হারুনের পরিবারের কাছে আট লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন—ফেনী সদর আসনের এমপি জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের এমপি রেহেনা আক্তার রানু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও বেলাল আহমেদ প্রমুখ।

সভাস্থলে ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের চেয়ারে বসিয়ে প্যান্ডেল ভরাট করতে দেখা যায়। এছাড়া দুপুর ১২টায় সভা শুরুর পর থেকে দেড়টা পর্যন্ত মঞ্চ-সংলগ্ন দক্ষিণ ফরহাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানেরই পাঠদান কার্যক্রম বন্ধ ছিল।

এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় অধিবাসীদের মধ্যে নীরব ক্ষোভ তৈরি হলেও ক্ষমতাসীন দলের সভা হওয়ায় ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারেননি।