রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের পদস্থগিত সদস্যসচিব জিশান আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সড়কের কাজ পাওয়া ঠিকাদার শেখ দিদারুলের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ‘ইনসাইড আরএমএসটিইউ’ নামক একটি ফেসবুক পেজ থেকে ফোনালাপটি ফাঁস করা হয়।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে ফোনালাপের রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে গত ২৭ জুলাই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জিশান আহমেদের রাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্যসচিব পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।
ভাইরাল সেই কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হলো—
জিশান-বেঁচে আছি ভাই,কেমন আছেন?
ঠিকাদার - আছি আলহামদুলিল্লাহ, কেন? বেঁচে আছো মানে?
জিশান -আমার পদ-পদবি নাই,কিছু মানুষ আমার বিরুদ্ধে পড়ছে, কিছু মানুষ সহযোগিতা করতেছে,কিছু মানুষ পাগল হয়ে গেছে আমাকে মাইনাস করার জন্য। তো ভাই আমার মতো ছোট মানুষ বেঁচে না থেকে কি করবে?
ঠিকাদার - সব ঠিক আছে। কিছু জায়গায় আমাদেরকে ইঙ্গিত করে কমেন্ট করতেছো মনে হয়?
জিশান- আপনাদের ইঙ্গিত করে কেন কমেন্ট করবো ভাই? বাস নিয়ে কথা উঠতেছে আমি বলতেছি কন্টাক্টারে রোড়ের কাজ শেষ না করলে বাস কিভাবে বের করবে?
ঠিকাদার - তো তুমি আতিয়ারের কন্টাক্টার কি রকম কমেন্ট দিলা?
জিশান -তো এটা আপনি তো আতিয়ারের রহমান স্যার আমল থেকে....
ঠিকাদার - গফুর আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে কাজ এটা দিছে, তোমার লাগলে প্রমাণ নাও না। তুমি গফুরের পারপাছ কেন সার্ভ করো আমি বুঝি না!
জিশান - এই যে একটা কথা বলনেন গফুরের পারপাছ কেন সার্ভ করি...
ঠিকাদার - এখন আমি যদি বলি তুমি আমার কাছে চাঁদা চাইছো এইজন্য আমি এভিডেন্সসহ তোমার নামে কমপ্লেইন করি..
জিশান -আমি আপনার কাছে চাঁদা চাইছি নাকি?
ঠিকাদার - অবশ্যই চাইছো। তুমি জামাল থেকে টাকা চাইছো না ২ লাখ টাকাই তো চাইছো তোমার সাথে ওদিন কথা হলো না তুমি ২ লাখ টাকা চাঁদা চাইলে না?
জিশান - আপনি আমাকে হুমকি দিচ্ছেন?
ঠিকাদার -তুমি চাঁদা দাবি করছ, আমি কালকে কমপ্লেইন দিবো। তুমি কমেন্ট করো কোন সাহসে? এটা তোমার জন্য কাজ বন্ধ আছে...
জিশান- আমার জন্য বন্ধ আছে মানে কি?
ঠিকাদার - তুমি চাঁদা চাইছো সেজন্য। এটা আমি কালকে লিখিত কমপ্লেইন দিবো
জিশান - আমি কমেন্ট করছি এইজন্য হুমকি দিচ্ছেন যে
ঠিকাদার - না তুমি নিজে চাঁদা চাইছো সেজন্য।
উল্লেখ্য, পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে হোয়াটসঅ্যাপ কলে হুমকি দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জিশান আহমেদ।