Image description

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, কারাবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরের জাজিরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ‎ শুক্রবার দুপুরে উপজেলার বি কে নগর তালতলা এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল বের করা হয় বলে জানা গেছে। মিছিলের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সোশ্যালে ছড়িয়ে পড়েছে।

‎স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে হঠাৎ করে একদল যুবক উপজেলার তালতলা এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবস্থান নেন। পরে তারা সড়কের ওপর মিছিল শুরু করেন। এ সময় মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

‎সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সড়কে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

‎একই ভিডিওতে মিছিলের কারণে মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন আটকে থাকতে দেখা যায়। এর মধ্যে ‘শরীয়তপুর পরিবহন’ লেখা একটি বাসসহ কয়েকটি গাড়ি সড়কে থেমে থাকতে দেখা গেছে।

‎ভিডিওতে আরও দেখা যায়, মিছিলকারীরা সড়কের একাংশ দখল করে সামনে এগিয়ে যাচ্ছেন। তাদের মিছিলের কারণে যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। তবে যান চলাচল কতক্ষণ বন্ধ ছিল, তা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি।

‎এদিকে, প্রকাশ্যে বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হয়েছে।

‎তবে মিছিলের ঘটনা অস্বীকার করেছেন জাজিরা থানার ওসি সালেহ্ আহাম্মদ। তিনি বলেন, ‘এ এলাকায় মিছিলের কোনো ঘটনা ঘটেনি। আমি নিজে ওই এলাকায় গিয়ে স্থানীয় অনেকের সঙ্গে কথা বলেছি ও জিজ্ঞাসাবাদ করেছি। তারা কেউই মিছিলের বিষয়ে কিছু জানেন না। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় কোনো মিছিল হয়নি।’

‎সামাজিক মাধ্যমে ওই এলাকার নাম উল্লেখ করে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘যারা ওই এলাকার নাম উল্লেখ করে এসব তথ্য ছড়াচ্ছেন, তারা কীসের ভিত্তিতে ছড়াচ্ছেন, সেটি তারাই বলতে পারবেন।’

‎সাম্প্রতিক সময়ে শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একাধিক মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে।