Image description

১০ম গ্রেডের সরকারি চাকরির নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে বিএনপি সরকার ‘আরেকটি বাজে কাজ’ করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ১০ম গ্রেডের নিয়োগ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছ থেকে সরিয়ে নিয়ে নিজেদের কমিটি গঠন করে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, অন্যান্য ১০ম গ্রেডের পদের মতো উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগও সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির মাধ্যমে অনেক বছর ধরে হয়ে আসছে। মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা জানায়, পিএসসি পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে এবং মন্ত্রণালয় নিয়োগ দেয়। ফলে নিয়োগ কার্যক্রম ভালোভাবেই চলছে বলে মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি সরকার কেন জানি সব নিয়োগ সরকারের নিয়ন্ত্রণে নিতে চাইছে।’ পিএসসির অধীনে হওয়া নিয়োগ কার্যক্রম ‘ত্বরান্বিত’ করার নামে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিবকে নিয়ে একটি কমিটি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তার দাবি, প্রজ্ঞাপনে এই কমিটি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে।

এ উদ্যোগের সমালোচনা করে হাসনাত প্রশ্ন করেন, ‘পিএসসি কী পারছে না? পিএসসি কী কোথায় বলেছে, আমরা পারছি না?’ তার ভাষ্য, খালি চোখেই বোঝা যাচ্ছে সরকার নিয়োগকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এর উদ্দেশ্য পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়া কিংবা দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? সরকারি চাকরির নিয়োগে বৈষম্য করার কারণেই দেশের ছাত্ররা আন্দোলনের সূত্রপাত করেছিল এবং সেখান থেকে ‘কালজয়ী অভ্যুত্থান’ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ক্ষমতা আর সংখ্যাগরিষ্ঠতার জোরে তা ভুলে গেলে সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে।’

নিয়োগ কার্যক্রমে হাত দিয়ে দুর্নীতির মাধ্যমে লাভবান হওয়ার চিন্তা করা হলে তা কখনও ইতিবাচক ফল বয়ে আনবে না বলেও সতর্ক করেন হাসনাত আব্দুল্লাহ।