Image description

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ঘোষিত ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারকে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

শনিবার ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ফেনীতে আয়োজিত পথসভায় বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, ‘আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন। মনে রাখবেন, এর মাধ্যমে যদি গণভোটের রায়কে বানচাল করতে চান, জনগণের হাতে লাল কার্ড আছে, তারা লাল কার্ড দেখিয়ে দেবে।’

তিনি বলেন, ‘জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করে সংসদে বসে দেশ পরিচালনা করলে জনগণ তা কখনো মেনে নেবে না। আমরা দেশের মানুষের সঙ্গে আছি।’

 

মামুনুল হক বলেন, ‘এই দেশের মানুষ একই দিন দুটি ভোট দিয়েছে। একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত একটি ভোটকে বৈধ এবং অন্য ভোটকে অবৈধ বলছেন আপনারা।’

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জামায়াতের ফেনী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন।

ফেনীতে পথসভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।