জামায়াত ও এনসিপি সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা একই চক্রান্তের অংশ।
আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর অপচেষ্টা শুরু হয়েছে বলেও মন্তব্য করেছেন রাশেদ খাঁন।
আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।
জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের দলে ফেরার বিষয়ে দলীয় হাইকমান্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন রাশেদ খাঁন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে ঝিনাইদহে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।