Image description

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জিএম মাশরাফি নামের এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে নড়াইল জেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

বহিষ্কৃত জিএম মাশরাফি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল হাসান সানি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক জিএম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে জিএম মাশরাফির সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল হাসান সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল এবং সদস্য সচিব মো. মামুন গাজী এ নির্দেশনা দিয়েছেন