পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যটির রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মমতাকে উদ্দেশ করে শুভেন্দুর ‘রাস্তায় বেরোতে পারবেন না’ মন্তব্যকে প্রকাশ্য হুমকি ও রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।
সোমবার (২৪ আগস্ট) অন্নপূর্ণা যোজনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, প্রকল্পটির জন্য যোগ্য হওয়া সত্ত্বেও বহু নারী প্রতিশ্রুত আর্থিক সহায়তা পাচ্ছেন না।
বিভিন্ন এলাকায় এ নিয়ে হয়রানি ও বিক্ষোভের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
মমতার এই বক্তব্যের জবাবে এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, “ফেসবুকেই থাকুন, আপনাকে আর রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় যাতে বেরোতে না পারেন, সে ব্যবস্থাও আমি করব। ”
এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ প্রতিক্রিয়া দেন মমতা।
তিনি প্রশ্ন তোলেন, একজন মুখ্যমন্ত্রী কীভাবে সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধান বিরোধী দলের নেত্রীর চলাফেরার স্বাধীনতা কেড়ে নেয়ার কথা বলতে পারেন?
মমতার অভিযোগ, শুভেন্দুর বক্তব্যের মধ্যে গৃহবন্দি করার হুমকি, ভয় দেখানো কিংবা রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত রয়েছে।
গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্যবস্থায় কোনো নাগরিক কোথায় যাবেন বা কীভাবে চলাফেরা করবেন, তা নির্ধারণের অধিকার কোনো রাজনৈতিক নেতার নেই বলেও মন্তব্য করেন তিনি।
অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার অভিযোগের পাল্টা জবাবও দেন শুভেন্দু। তার দাবি, সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় বিবেচনা করছে না তার সরকার।শুভেন্দু জানান, এখন পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আওতায় ১ কোটি ৪৫ লাখের বেশি মানুষের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় ১৯ লাখ ২০ হাজার মুসলিম নারী রয়েছেন বলেও দাবি করেন তিনি। যোগ্যতার ভিত্তিতেই সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগও করেন শুভেন্দু। অতীতে ধর্ম ও রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন জনগোষ্ঠী সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে দাবি করে মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী ও পাহাড়ি নারীদের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের কাছে বিপুলসংখ্যক অভিযোগ জমা পড়েছে বলেও জানান শুভেন্দু। তার দাবি, এসব অভিযোগের বড় একটি অংশে অযোগ্য ব্যক্তিদের প্রকল্পের সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে। আগামী ৩১ আগস্ট এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এরই মধ্যে মমতা ও শুভেন্দুর সরাসরি রাজনৈতিক বাকযুদ্ধে রূপ নিয়েছে। সাবেক মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে শুভেন্দুর বিতর্কিত মন্তব্যে সেই উত্তেজনা আরও বাড়ল।
শীর্ষনিউজ