Image description

ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে গণতন্ত্র ও উন্নয়নের ইতিবাচক পথে যাত্রা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তার ভাষ্য, ‘দেশবাসীর সহযোগিতায় ইনশাআল্লাহ তারেক রহমান আত্মমর্যাদাশীল, কল্যাণমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন।’

আজ সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন।

হালুয়াঘাট পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

প্রয়াত আব্দুল আজিজ খানকে স্মরণ করে এমরান সালেহ প্রিন্স বললেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় ত্যাগ করেছেন— তাদের অবদান জাতি কখনো ভুলবে না। আব্দুল আজিজ খানও দলের দুঃসময়ে নিজের অবস্থান থেকে নিরলসভাবে কাজ করেছেন। তিনি ছিলেন বিএনপির একজন ত্যাগী, পরোপকারী, মানবিক ও কর্মীবান্ধব নেতা। তার রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুসরণীয়।

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ’র সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। এ ছাড়া বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজী ফরিদ আহমেদ পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসেনে আরা নীলু প্রমুখ।

পরে আব্দুল আজিজ খানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । এর আগে এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।