Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর হাজীবাড়ি জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার কথা বলে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেন ওই দুই নেতা। ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় হারুনুর রশিদ ও মো. ইউসুফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দিচ্ছে। হারুন ও ইউসুফের ওয়ার্ডে একটি মসজিদ আছে। ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ৫ হাজার টাকা করে নিয়েছে। ঘটনাটি জানতে পেরে আমি ও আমার কমিটির সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।

তিনি আরো বলেন, উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।