Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার বাঁশখালী সফরে আসছেন। তার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থলে মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজনও সম্পন্ন হয়েছে।

 

সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকতে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি ও ত্রাণ সহায়তা বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

 

এদিকে শনিবার দুপুরে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম প্রধানমন্ত্রীর হেলিপ্যাড ও অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।

 

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ বিএনপি নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

 

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সফরের সাফল্য ও সার্থকতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুতি জোরদার করা হয়েছে।