Image description

লক্ষ্মীপুরে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দিতে টাকা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জের দরবেশপুর ইউনিয়নে।

আজ শনিবার দুপুরে দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।

জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে। অব্যহতিপত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকু রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন।

অব্যহতি পত্রে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে হারুন ও ইউছুফকে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। দলীয় কোন কর্মকাণ্ডে জড়িত হলে তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। এর অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেওয়া হয়েছে।

 

এ ব্যাপারে বক্তব্য জানতে অব্যহিতপ্রাপ্ত বিএনপি নেতা হারুন অর রশিদ ও মো. ইউছুফের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তারা ফোন ধরেননি।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেছেন, ‘সরকার ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দিচ্ছেন। হারুন ও ইউছুফের ওয়ার্ডে একটি মসজিদ আছে। সেই মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ১৫ হাজার টাকা নিয়েছে। প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছে তারা। ঘটনাটি জানতে পেরে আমি ও আমার কমিটির সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।

তিনি আরও বললেন, ‘হারুন ও ইউছুফের দাবি, টাকাগুলো মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছে। মূলত টাকাটা তারা দুইজনই নিয়েছে। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বিএনপির কেউ নয়, তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই । আর টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আমরা হারুন ও ইউছুফকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যহতি দিয়েছি।’