কক্সবাজারের টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম। তিনি বলেছেন, ‘একটা কনস্টেবলের মতো পর্যন্ত লাগে না ওসিকে। আমার তো মনে হয় না, এই ওসি দিয়ে টেকনাফের শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।’
আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে টেকনাফ পৌর বিএনপির আওতাধীন ৮ ও ৯নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, ‘টেকনাফ প্রশাসনের যেসব কর্মকর্তা আমি দেখতেছি, এত দুর্বল কর্মকর্তা দিয়ে প্রশাসন চালিয়ে একটারও কঠিন সময় পার করা যাবে না। অপহরণ বন্ধ করা যাবে না। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমাদের শাহজাহান চৌধুরীর কাছে অনুরোধ—এই প্রশাসন আপনি পরিবর্তন করুন। এখানে সৎ ও সাহসী অফিসার দরকার আছে।’
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একটা কনস্টেবলের মতো পর্যন্ত লাগে না ওসিকে। আমার তো মনে হয় না, এই ওসি দিয়ে টেকনাফের শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।’
তিনি আরো বলেন, ‘এই টেকনাফের শান্তি ফিরে আসতে হবে। বাংলাদেশ সরকার মাদক ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে আইন পাস করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল কক্সবাজারে এসে সভা করেছেন। টেকনাফের ইয়াবা ব্যবসায়ী ও অপহরণকারীদের কপালে দুঃখ আছে। এদের সম্পত্তি থাকবে না।’
এদিকে যুবদল সভাপতির এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা গেছে। কেউ কেউ তার বক্তব্যের কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন।
হেলাল নামের এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, ‘হয়তো অন্যায় আবদার বা তদবির না শোনার কারণে ওসিকে নিয়ে এরকম মন্তব্য করা হচ্ছে।’
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক কোন মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সবসময় অপহরণের ঘটনাগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। আমার পুলিশ সদস্যরা নিয়মিত টাকা লুটের ঘটনাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে দৌড়ঝাঁপ করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন।’
আব্দুল কাইয়ুমের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই জানিয়ে ওসি বলেন, ‘তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কী কারণে তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন, সেটা তিনি ভালো জানেন। আমি আমার জায়গায় ঠিক আছি এবং দায়িত্ব অনুযায়ী কাজ করে যাচ্ছি।’